এক্সপ্রেসওয়েতে বাস-মাইক্রোবাস-পিকআপের সংঘর্ষ, নিহত ২

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে বাস, মাইক্রোবাস ও পিকআপের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। আজ বৃহস্পতিবার সকালে শিবচর উপজেলার কুতুবপুরে ঢাকাগামী লেনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফরিদপুরের সালথা উপজেলার রমকান্তপুরের মৃত ধলা বিশ্বা‌সের ছেলে মাসুদ বিশ্বাস (৫৫) ও মামুন বিশ্বা‌সের স্ত্রী ফিরোজা বেগম (২৮)। নিহতরা সম্পর্কে পুত্রবধূ ও শ্বশুর। মাইক্রোবাসে করে পরিবারের সদস্যরা রাজধানী ঢাকায় যাচ্ছিল বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে।

ত্রিমুখী সংঘর্ষে কাভার্ড ভানটি রাস্তার পাশে পড়ে যায়। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনহাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ফরিদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে একটি যাত্রীবাহী মাইক্রোবাস। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরের কুতুবপুরে পৌঁছালে একটি কাভার্ডভ্যানের পেছনে মাইক্রোবাসটির সজোরে ধাক্কা দেয়। একই সময় মাইক্রোবাস ও কাভার্ড ভ্যানটিকে পূর্বাশা প‌রিবহ‌ন নামের এক‌টি যাত্রীবাহী বাসও পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের যাত্রী ফিরোজা বেগম ও তার শ্বশুর মাসুদ বিশ্বা‌সের মৃত্যু হয়। এতে মাইক্রোবাস ও বাসের আরও পাঁচ যাত্রী আহত হন।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে হাইওয়ে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম। ওসি জানান, ‘ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন মারা গেছেন। এছাড়া আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে হাইওয়ে পুলিশ। দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো পুলিশের হেফাজতে রাখা হয়েছে।’