মাইলস্টোন ট্র্যাজেডি: ছাড়পত্র পেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শ্রেয়া

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরেক শিক্ষার্থী শিশু শ্রেয়া ঘোষকে (৮) ছাড়পত্র দিয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউটের কর্তৃপক্ষ। শনিবার বিকেলের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

শ্রেয়া ঘোষ মাইলস্টোন স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, ‘ওই শিশুর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে আজ ছাড়পত্র দেওয়া হয়েছে। আমাদের ইনস্টিটিউট থেকে এখন পর্যন্ত মোট ৯ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।’

ড. শাওন বিন রহমান আরও বলেন, ‘বর্তমানে আমাদের এখানে ২৮ জনের চিকিৎসা চলছে। তাদের সবার শারীরিক অবস্থা উন্নতির দিকে রয়েছে। আমরা আশা করছি অন্যান্য যারা আমাদের এখানে ভর্তি আছে, তারাও সুস্থ হয়ে শিগগিরই বাড়ি ফিরতে পারবে। যাদের ছাড়পত্র দেওয়া হচ্ছে, তারা পরবর্তী সময়ে বার্ন ইনস্টিটিউটে এসে চিকিৎসা নিতে পারবে। প্রয়োজনে অপারেশনও করাতে পারবে।’

প্রসঙ্গত, গত ২১ জুলাই দুপুরে উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণে ব্যবহৃত একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৫ জন নিহতের তথ্য পাওয়া গেছে। আহত হয়েছে প্রায় শতাধিক। নিহতদের অধিকাংশই মাইলস্টোনের শিক্ষার্থী।