ঝুটের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

নরসিংদীর পাঁচদোনা মোড়ে পাকিজা গ্রুপের ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে ককটেল নিক্ষেপ ও গোলাগুলি হয়েছে। এই ঘটনায় দুজন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত পাঁচজন।

রোববার রাত ৯টা থেকে শুরু করে পাঁচদোনা মোড় এলাকায় দফায় দফায় এই সংঘর্ষ চলে রাত ১১টা পর্যন্ত। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের মধ্যে পাঁচদোনা এলাকার তাইজুদ্দিনের ছেলে হামিদ মিয়া (২৮) ও বিল্লাল মিয়ার ছেলে হাসান মিয়াকে (২৮) উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তবে তাদের পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আধিপত্য বিস্তার, ফুটপাত থেকে চাঁদাবাজি ও পাঁচদোনা মোড়ের সিএনজি স্টেশন দখল নিয়ে গত বছরের ৫ আগস্টের পর থেকে বিরোধ শুরু হয় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি লালু মিয়া ওরফে লাল মিয়া ও বিএনপি কর্মী মোসাদ্দেক হোসেনের মধ্যে।

রোববার রাতে স্থানীয় পাকিজা গ্রুপের ঝুট নিয়ে মোসাদ্দেকের এক কর্মীর ওপর হামলা চালায় লালু মেম্বারের লোকজন। এতে ক্ষিপ্ত হয়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। রাত ৯টা থেকে দফায় দফায় সংঘর্ষে ককটেল নিক্ষেপ ও গুলির ঘটনা ঘটে। দুজন গুলিবিদ্ধসহ দুই গ্রুপের অন্তত পাঁচজন এই ঘটনায় আহত হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম বলেন, রাতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং রাত ১১টা পর্যন্ত তারা পরস্পর মুখোমুখি অবস্থান করে। উভয় গ্রুপের মাঝে অবস্থান নিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।