ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত 

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে মশিউর রহমান (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বন্দরখোলা নামক স্থানে এ দুর্ঘটনা হয়।

নিহত মশিউর রহমান বরিশালের বুড়ির হাট এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে। তিনি ঢাকা থেকে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন।

জানা গেছে, আজ সকালে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের বন্দরখোলা নামক স্থানের ভাঙ্গাগামী লেনে হঠাৎ করেই মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এসময় সড়কের বিভাজকের সঙ্গে সজোরে ধাক্কা লেগে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট মো. সবুজ মিয়া বলেন, ‘মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মশিউর রহমান নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি এবং মরদেহ উদ্ধার করি।’