শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় স্কুল ছাত্র নিহত, আহত ২

মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় মো. রাকিবুল ইসলাম (৮) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে জেলার শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের নুরুল আমিন কলেজের সামনে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন–মোটরসাইকেল আরোহী সোহেল মাদবর ও রবিন মাদবর। নিহত রাকিবুল ইসলাম শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের ক্রোকচর গ্রামের নুরুল ইসলামের ছেলে।

এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, নিহত রাকিব চান্দেরচর বাজার থেকে বাইসাইকেলে করে বাড়িতে যাচ্ছিল। পথে নুরুল আমিন  কলেজের সামনে পৌঁছালে একটি মোটরসাইকেল তার বাইসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে রাকিব ও মোটরসাইকেল আরোহী সোহেল ও রবিন গুরুতর আহত হয়।

স্থানীয়রা রাকিব, সোহেল ও রবিনকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় রাকিবকে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহত মোটরসাইকেল আরোহী রবিন ও সোহেলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।