গাজীপুরে শিক্ষার্থী হত্যায় পিচ্চি আকাশের সহযোগীসহ গ্রেপ্তার ২

গাজীপুরে শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার ঘটনায় কিশোর গ্যাং সদস্য হত্যাসহ ১২টি মামলার আসামি পিচ্চি আকাশ ও তাঁর সহযোগী সৌরভকে টাঙ্গাইলের বাসাইল থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় আকাশের কাছ থেকে চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

আজ বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব -১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ রানা এসব তথ্য নিশ্চিত করেন। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–সুনামগঞ্জের জয়পুর গ্রামের মজিবর রহমানের ছেলে আকাশ ওরফে পিচ্চি আকাশ (২৭)। তাঁর সহযোগী কালিয়াকৈর উপজেলার বিশ্বাসপাড়া গ্রামের শুকুর আলীর ছেলে সৌরভ (২১)।

র‌্যাব কর্মকর্তা বলেন, গত ২১ ডিসেম্বর কালিয়াকৈর থানার উলুসরা এলাকায় পূর্ব শত্রুতার জেরে আসামি পিচ্চি আকাশ ও মামলার এজাহারনামীয় ১০ জনসহ অজ্ঞাতনামা চার থেকে পাঁচজন শিক্ষার্থী আবুল কালাম আজাদকে ধারালো অস্ত্র, লোহার রড, লোহার পাইপ ও লাঠি সোঁটা দিয়ে এলোপাতারি আঘাত করে গুরুতর আহত করে। পরবর্তীতে স্থানীয়রা ভুক্তভোগীকে উদ্ধার করে টাঙ্গাইলের কুমুদিনি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের মা কালিয়াকৈর থানায় হত্যা মামলা করেন। 

র‌্যাব কর্মকর্তা পারভেজ রানা আরও বলেন, এ হত্যাকাণ্ডে গত ১৬ সেপ্টেম্বর রাতে র‌্যাবের যৌথ আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় জানতে পারে যে, এ মামলার এজাহারনামীয় আকাশ টাঙ্গাইল জেলার বাসাইল থানাধীন করাতিপাড়া এলাকায় আত্মগোপনে রয়েছেন। পরে সেখান অভিযান পরিচালনা করে আকাশ ও তাঁর সহযোগী সৌরভকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা উল্লেখিত ঘটনার সঙ্গে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করে। কিশোর গ্যাং সদস্য পিচ্চি আকাশের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি হত্যাসহ অন্যান্য মামলা রয়েছে।