কানে হেডফোন দিয়ে রেললাইন পারাপার, ট্রেনে কাটা পড়ে কলেজছাত্র নিহত

গোপালগঞ্জে কানে হেডফোন দিয়ে রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে সাকিল আহম্মেদ ফয়সাল (২২) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে শহরতলীর চরপাথালিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

সাকিল সদর উপজেলার বোড়াশী ইউনিয়নের ভেন্নাবাড়ি পশ্চিমপাড়া গ্রামের কামাল শেখের ছেলে এবং গোপালগঞ্জ সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করে অনার্সে ভর্তির জন্য কোচিং করছিলেন।  

স্থানীয়রা জানান, সাকিল আহম্মেদ কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে রেললাইন পারাপার হচ্ছিল। এসময় টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি সদর উপজেলার গোবরা থেকে রাজশাহী যাচ্ছিল। এতে ট্রেনে কাটা পড়ে নিহত হন সাকিল। 

বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ রেল স্টেশন মাস্টার রত্না বৈদ্য বলেন, ‘এলাকাবাসী খবর দিলে আমি রেল পুলিশকে বিষয়টি জানাই। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।’