ফরিদপুরে কীর্তন শুনে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় নিহত ২

ফরিদপুরের বোয়ালমারীতে কীর্তন শুনে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। গতকাল শুক্রবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সাতৈর ইউনিয়নের কানখড়দি মাদরাসার সামনে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন–উপজেলার সাতৈর বাজারের ব্যবসায়ী মধু সাহা (৫০) ও নারান সাহা(৫৫)। আহত ব্যক্তিরা হলেন–সঞ্জয় বণিক, নেপাল সাহা, বোচ্ছ সাহা, টুকটুকি ও ভ্যানচালক সুমন। তাঁদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) আল আমিন বলেন, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সাতজন মিলে কাদিরদী বাজার থেকে কীর্তন গান শুনে অটোভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথে উপজেলার সাতৈর ইউনিয়নের কানখড়দি মাদরাসার সামনে ফরিদপুরগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে অটোভ্যানটিকে চাপা দিলে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই দুজন নিহত হন। নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাফিউল আলম মিন্টু বলেন, কাদিরদী এলাকা থেকে কীর্তন গান শুনে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।