গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

গোপালগঞ্জে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা লাগিয়ে মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছে। রোববার রাত পৌনে ১০টার দিকে গোপালগঞ্জ–টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার সাতপাড়ে এই দুর্ঘটনা হয়।

নিহতরা হলো- মোটরসাইকেল আরোহী সদর উপজেলার ডালনিয়া গ্রামের সতীশ ভট্টাচার্যের ছেলে সরোজ ভট্টাচার্য (৫০) ও চালক একই গ্রামের ত্রিনাথ বিশ্বাসের ছেলে বিজয় বিশ্বাস (২২)।

গোপালগঞ্জের বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রোববার গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কে রাত পৌনে ১০টার দিকে নিহতরা মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি ডালনিয়া দিকে যাবার সময় এই দুর্ঘটনা হয়।’

আফজাল হোসেন আরও বলেন, ‘চালক ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা গ্যাসভর্তি একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক বিজয় বিশ্বাস নিহত হন। আরোহী সরোজ ভট্টাচার্যকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’