অটোরিকশার পেছনে মাইক্রোবাসের ধাক্কা, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেল যাত্রীর

টাঙ্গাইলের কালিহাতীতে সিএনজিচালিত একটি অটোরিকশার পেছনে মাইক্রোবাসের ধাক্কায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এক যাত্রীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নগরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের পরিচয় পাওয়া যায়নি। আহত অটোরিকশা চালক শান্তকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একজন যাত্রী নিয়ে টাঙ্গাইল থেকে ছড়ে আসা একটি অটোরিকশা ভূঞাপুরের দিকে যাচ্ছিল। বেলা সাড়ে ১১টার দিকে অটোরিকশাটি কালিহাতী উপজেলার নগরবাড়ি এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়।

ওসি আরও জানান, ঘটনার পর চালক বাইরে বের হয়ে এলেও ভেতরে আগুনে পুড়ে মারা যান এক যাত্রী। খবর পেয়ে ভূঞাপুর ও এলেঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। পরিচয় পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।