কিশোরগঞ্জে আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জের করিমগঞ্জে নিষিদ্ধঘোষিত এক ছাত্রলীগ নেতা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে পৌর এলাকার মোরগমহাল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক জাহাঙ্গীর আলম সিরাজী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আউয়াল, সদস্য শাহজাহান ও খায়রুল ইসলাম।

নেতাদের গ্রেপ্তারের খবর পেয়ে কয়েক শ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতা–কর্মী থানার সামনে মিছিল করে তাঁদের মুক্তি দাবি করে। গ্রেপ্তারদের প্রিজনভ্যানে তোলার সময় তাঁরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেন। মিছিলটি পরে থানার সামনের ব্রিজে বেশ কিছুক্ষণ অবস্থান করে।

কিছুক্ষণ পর বিএনপির কিছু নেতা–কর্মী এসে পাল্টা স্লোগান দিতে থাকে। এ সময় দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তবে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

পরে রাত ১১টার দিকে থানায় গিয়ে ওসিকে পাওয়া যায়নি। তবে ডিউটি অফিসার এসআই রফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের তিনজনের বিরুদ্ধে মামলা রয়েছে। পুলিশের কাছে তথ্য ছিল, তাঁরা সংঘাতমূলক অপরাধের পরিকল্পনা করছিলেন। রাতেই তাঁদেরকে জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।