গোপালগঞ্জে ট্রাকচাপায় ইজিবাইক চালক নিহত

গোপালগঞ্জ ট্রাকের চাপায় হাশেম শেখ (৬০) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। রোববার রাতে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কে সদর উপজেলার সাতপাড় এলাকায় এ দুর্ঘটনা হয়।

বৌলতলী পুলিশ ফাঁড়ির উপ–পরিদর্শক (এসআই) শামীম-আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। 

এসআই শামীম-আল মামুন বলেন, ‘নিহত হাসেম শেখ মাদারীপুর জেলার রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর গ্রামের এদোন শেখের ছেলে। তিনি খুলনা থেকে ছেড়ে আসা একটি ট্রাক মাদারীপুর জেলার টেকেরহাট যাচ্ছিল। এসময় ট্রাকটি গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সাতপাড়ে পৌঁছালে একটি ইজিবাইকে চাপা দেয়। এতে ইজিবাইক চালক হাসেম শেখ মারাত্মক আহত হন।’

এসআই আরও বলেন, ‘স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।’