গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে লাগা আগুনে ৫ জন দগ্ধ হয়েছে। তাদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রাখালিয়াচালা এলাকায় এ ঘটনা হয়।
দগ্ধরা হলো– আলী হোসেন,মোতালেব হোসেন, শফিকুর রহমান ও শামীম আহমেদ ও শাহিন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,কালিয়াকৈরের রাখালিয়াচালা এলাকার মোতালেব ওয়ার্ক শপে একটি বড় গ্যাস সিলিন্ডার দিয়ে কাজ করার সময় গ্যাস লিকেজ হয়। হঠাৎ দ্রুতগতিতে গ্যাস বেরিয়ে পাশের চায়ের দোকানের আগুনে ছড়িয়ে পড়ে। এতে ওয়ার্কশপের মালিক মোতালেব হোসেন, চা দোকানদার আলী হোসেন, চায়ের দোকানে বসা ক্রেতা সফিকুল ইসলাম, শামীম আহমেদ ও শাহিন অগ্নিদগ্ধ হয়।
ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় তানহা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর দগ্ধ শামীম আহমেদ ও আলী হোসেন নামের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে মৌচাক পুলিশ ফাঁড়ির উপ–পরিদর্শক ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে সৃষ্ট আগুনে ৫ জন দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।’