৪৭তম বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনে পুলিশের লাঠিচার্জ, আহত ৫

রাজধানীর শাহবাগে ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করলে পুলিশের লাঠিচার্জে প্রিলিমিনারি উত্তীর্ণ পাঁচজন পরীক্ষার্থী আহত হয়েছেন।

আজ মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। আহতরা হলেন—মো. শাহিন (২৮), আশিকুর রহমান (২৯), শাকিল আহমেদ (২৫), রিয়াজ (২৭) ও আবরার শাহরিয়ার উল্লাস (২৮)।

আহত শাকিল আহমেদ বলেন, ‘গত সেপ্টেম্বর মাসে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। কিন্তু যথেষ্ট সময় না দিয়েই লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা এক মাস ধরে পরীক্ষা পেছানোর দাবিতে শাহবাগে আন্দোলন করছি। আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে আলোচনা করেও আমরা প্রস্তাব দিই যে লিখিত পরীক্ষা ২৮ ডিসেম্বর নির্ধারণ করা হোক। কিন্তু কর্তৃপক্ষ সেটি না করে চলতি মাসের ২৭ তারিখে পরীক্ষা নির্ধারণ করে।’

তিনি আরও বলেন, ‘আজ শাহবাগ থেকে যমুনার উদ্দেশ্যে যাওয়ার সময় সন্ধ্যার দিকে পুলিশ আমাদের ওপর লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। ঢামেকে এখন পর্যন্ত পাঁচজন এসেছে, তাদের মধ্যে কয়েকজনের মাথা ফেটে গেছে। শাহিনের মাথায় ১০টি সেলাই পড়েছে। আমাদের আরেকজন ভাই আরও গুরুতর অবস্থায় আছেন এবং তিনি শাহবাগের বাংলাদেশ মেডিকেলের আইসিইউতে ভর্তি।’

শাকিল আরও বলেন, ‘প্রিলিমিনারি পরীক্ষার ফলের পর সাধারণত ২৪০ দিন বা তার বেশি প্রস্তুতির সময় পাওয়া যায়। অনেক ক্ষেত্রে ১৪ মাস পরেও লিখিত পরীক্ষা হয়েছে। কিন্তু এবার আমাদের পর্যাপ্ত সময় না দিয়ে উল্টো পুলিশের লাঠিচার্জের শিকার হতে হয়েছে।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, শাহবাগ এলাকা থেকে ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার কয়েকজন প্রার্থী আহত অবস্থায় ঢামেকের জরুরি বিভাগে আনা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন।

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা ২৭ নভেম্বর শুরু হবে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কারিগরি বা পেশাগত ক্যাডারের পদসংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।