আসিফ মাহমুদের দুর্নীতি তদন্তের দাবিতে বিসিবির সামনে বিক্ষোভ

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগের পরদিনই বিসিবির সামনে বিক্ষোভ হয়েছে। বোর্ডে অবৈধ কমিটি আর সিন্ডিকেট ভাঙার দাবিতে স্লোগান দেয় প্রায় একশো বিক্ষোভকারী।

এ সময় মিরপুরের বিসিবি কার্যালয়ের সামনে রাস্তায় কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। কোনো ধরনের ব্যানার ছাড়াই তাঁরা মিছিল করেন।

ক্রীড়া উপদেষ্টা পদত্যাগের পরদিনই কেন এই বিক্ষোভ, তার সদুত্তরও দিতে পারেননি তাঁরা। এ সময় আসিফ মাহমুদের দুর্নীতির তদন্তের দাবি জানান বিক্ষুব্ধরা।

বিক্ষোভের সময় বিসিবি কার্যালয়ের ভেতরে সেনা সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিক্ষোভকারীরা বিসিবির সামনের রাস্তায় মিনিট দশেক স্লোগান ও মিছিল করার পর চলে যান।

বুধবার প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন উপদেষ্টা আসিফ মাহমুদ। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সে সময় জানিয়েছিলেন, নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে তার পদত্যাগ কার্যকর হবে। 

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। এ হিসেবে এদিন থেকেই আসিফ মাহমুদের পদত্যাগ কার্যকর হওয়ার কথা।

আসিফ মাহমুদ নির্বাচনে লড়বেন বলে ঘোষণা দিয়ে রেখেছেন। তিনি ঢাকা–১০ আসনের ভোটারও হয়েছেন। ধারণা করা হচ্ছে, এ আসন থেকেই নির্বাচন করতে পারেন।