বেতন বকেয়া রেখে কারখানা বন্ধের ঘোষণায় নারায়ণগঞ্জে মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জে পোশাক তৈরী কারখানা বন্ধ ঘোষণা করায় প্রতিবাদস্বরূপ ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক আধাঘণ্টা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে বিক্ষুব্ধ কারখানা শ্রমিকরা। আজ বৃহস্পতিবার জেলার সিদ্ধিরগঞ্জে এ ঘটনা ঘটে।

আজ সিদ্ধিরগঞ্জে কোরেশ বাংলাদেশ লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। এর প্রতিবাদে দুপুর পৌনে একটার দিকে মৌচার এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে কারখানাটির শ্রমিকরা। 

খবর পেয়ে ইন্ডাস্ট্রিয়াল, সিদ্ধিরগঞ্জ থানা ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে এসে শ্রমিকদেরকে বেতনের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করে নেয়। এতে আধা ঘন্টা পর ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়ে আসে।

শ্রমিকদের অভিযোগ, তিন মাসের বকেয়া বেতন না দিয়ে মালিকপক্ষ বিনা নোটিশে কারখানাটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পাওনা বেতন না পাওয়ায় বাসা ভাড়া ও দোকানে থাকা বকেয়ায় পরিবার নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন বলে জানিয়েছেন শ্রমিকরা। বেতন পরিশোধের সময় পেরিয়ে গেলেও কর্তৃপক্ষ কোনো সুনির্দিষ্ট আশ্বাস না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করতে বাধ্য হন শ্রমিকরা।