সাবেক এমপি শেখ সালাহ উদ্দিন জুয়েল ও তাঁর পরিবারের ১২৩ ব্যাংক হিসাব জব্দ

ঢাকা সাবেক সংসদ সদস্য এবং মধুমতি ব্যাংকের ভাইস চেয়ারম্যান শেখ সালাহ উদ্দিন জুয়েল ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা ১২৩টি ব্যাংক হিসাব জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। এসব ব্যাংক হিসাবে প্রায় ৪৮ কোটি ৪৭ লাখ টাকা জমা রয়েছে। 

অর্থ পাচার (মানিলন্ডারিং) সংক্রান্ত অভিযোগের প্রাথমিক সত্যতা মেলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের প্রেক্ষিতে আজ রবিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালত এই আদেশ প্রদান করেন।

সিআইডি'র অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আবু তালেব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে আজ এ তথ্য জানা গেছে।

শেখ সালাহ উদ্দিন জুয়েল ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিরা চাঁদাবাজি ও ভীতি প্রদর্শনের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেছেন এবং তা অর্থ পাচারের (মানিলন্ডারিংয়ের) মাধ্যমে বিভিন্ন হিসাবে স্থানাস্তর করেছেন বলে সিআইডি'র আর্থিক অপরাধ ইউনিটের দীর্ঘ অনুসন্ধানে বেরিয়ে এসেছে।

আদালতের নির্দেশে বর্তমানে ১২৩টি ব্যাংক হিসাবে থাকা ৪৮ কোটি ৪৭ লাখ ২৩ হাজার ৫৭০ টাকা এবং ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র জব্দ করা হয়েছে। এছাড়া আইসিবি সিকিউরিটিজ এবং রয়্যাল ক্যাপিটাল লিমিটেডে থাকা মোট ৩টি বিও হিসাবও (অ্যাকাউন্ট) জব্দ করেছে সিআইডি।

অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শেখ সালাহ উদ্দিন জুয়েল ছাড়াও তাঁর পরিবারের একাধিক সদস্যের নাম উঠে এসেছে সিআইডি'র অনুসন্ধানে। পরিবারের সদস্যদের মধ্যে আছেন তাঁর স্ত্রী ও মধুমতি ব্যাংকের পরিচালক শাহানা ইয়াসমিন (শম্পা) এবং তাঁর তিন ছোট ভাই, তিন ভাবী, বোন ও ভাতিজি। 

সিআইডি জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে অনুসন্ধান কার্যক্রম এখনও চলমান রয়েছে। প্রাথমিক অনুসন্ধানে অবৈধভাবে অর্থ উপার্জনের প্রমাণ পাওয়ায় আদালতের মাধ্যমে এই জব্দ প্রক্রিয়া শুরু করা হয়েছে। অনুসন্ধান শেষ হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে।