হাদি হত্যার নির্দেশদাতার নাম জানালো ডিএমপি 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার নির্দেশদাতা ছিলেন মিরপুরের ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি। মঙ্গলবার ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

শফিকুল ইসলাম জানান, বাপ্পির নির্দেশে শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়। হাদির ওপর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ক্ষুব্ধ ছিল। মূলত রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাকে খুন করা হয়েছে।

সিসিটিভি ফুটেজ ও মোবাইল ট্র্যাকিংয়ের তথ্য বিশ্লেষণ করে এই হত্যাকাণ্ডে এখন পর্যন্ত ১৭ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে। এদের মধ্যে ১১ জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান এই ডিবি কর্মকর্তা।

শফিকুল ইসলাম বলেন, ‘অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। আসামিদের মধ্যে ফয়সাল, তার বোন ও বোনজামাইসহ ৫ জন এখনও পলাতক।’ অভিযুক্ত ফয়সালের সাম্প্রতিক ভিডিওবার্তা সম্পর্কে তিনি বলেন, ‘ভিডিওবার্তা যে কেউ দিতেই পারে, কিন্তু তদন্তে তার বিরুদ্ধে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অকাট্য প্রমাণ পাওয়া গেছে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে এই ঘটনা ঘটে। একটি চলন্ত মোটরসাইকেল থেকে রিকশায় থাকা হাদিকে লক্ষ্য করে মাথায় গুলি করা হয়। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।