রাজধানীতে শিশু অপহরণের ঘটনায় গ্রেপ্তার ৪ 

রাজধানীর মুগদা হাসপাতালের সামনে থেকে ৩ বছরের এক শিশুকে অপহরণের ঘটনায় মূল অপহরণকারী মো. চাঁন মিয়াসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে গাইবান্ধা থেকে উদ্ধার করা হয়েছে অপহরণের শিকার শিশুটিকে। 

কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

ইন্তেখাব চৌধুরী জানান, ৩ বছরের শিশু অপহরণকাণ্ডের মূল হোতা চাঁন মিয়া নামের এক রিকশাচালক। গেল ২৮ জানুয়ারি দুপুরে মুগদা হাসপাতালের গেটের বাইরে থেকে শিশুটিকে নিয়ে উধাও হয় অটোরিকশার চালক। ঘটনার দিন শিশুটির জন্য তার মা পানি আনতে গেলে মুহূর্তেই চালক পালিয়ে যায় শিশুটিকে নিয়ে। 

র‍্যাবের এই কর্মকর্তা আরও জানান, অপহরণের ঘটনায় মুগদা থানায় মামলা করেন শিশুটির মা। পরে অভিযান চালিয়ে চাঁন মিয়া ও তার ৩ সহযোগীকে গ্রেপ্তার করা হয়। পুরোপুরি সুস্থ অবস্থায় শিশুটিকে হস্তান্তর করা হয়েছে তার পরিবারের কাছে। অপহরণ চক্রটির সাথে আর কেউ জড়িত আছে কিনা সেটি তদন্ত করছে র‍্যাব।