পদ্মা সেতুর নিচ থেকে নিখোঁজ ছাত্রের মরদেহ উদ্ধার 

মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে গোসল নেমে নিখোঁজ হওয়ার দুই দিন পর নাইম নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপুরে সেতুর উত্তর প্রান্তের ৪ নম্বর পিলারের কাছ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল। 

এর আগে গত শনিবার বিকেলে বন্ধুদের সঙ্গে পদ্মা নদীতে ভ্রমণে গিয়ে গোসলে নেমে নিখোঁজ হন নাইম। তিনি মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।  

জানা গেছে, শনিবার ১৮ জন শিক্ষার্থীর একটি দল ট্রলার নিয়ে ঘোরার সময় ৪ নম্বর পিলারের কাছে তারা গোসল করতে নামেন। এসময় তীব্র স্রোতের টানে নাইম পানিতে তলিয়ে যান। খবর পাওয়ার পর থেকেই ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের সদস্যরা টানা উদ্ধার অভিযান পরিচালনা করেন। অবশেষে সোমবার বেলা সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলের অদূরে নদীর প্রায় ৪০ ফুট গভীর থেকে তাঁর নিথর দেহ উদ্ধার করা হয়। 

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, নিহত নাইমের বাড়ি নাটোর জেলায়। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁর মরদেহ এমআইএসটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।