নরসিংদীর রায়পুরায় এক গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত সাড়ে ৯টায় উপজেলার চরমধুয়া ইউনিয়নের গাজীপুরা এলাকায় এ হত্যাকাণ্ড হয়।
নিহত রফিকুল ইসলাম (৫০) রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়নের গাজীপুরা গ্রামের মঙ্গল মিয়ার ছেলে। নিহতের স্ত্রী স্থানীয় ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য, সেই সুবাদে তিনি এলাকায় বিচার–সালিশি করতেন।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, রাতে চরমধুয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন রফিকুল ইসলাম। এসময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। পরে রফিকুলের আর্তচিৎকারে আশপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, ‘তাৎক্ষণিকভাবে হত্যার সঠিক কারণ ও কে বা কারা হত্যার ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। তবে শুনেছি পূর্বেই একই এলাকার দুটি পরিবারের বিরোধ ছিল। ধারণা করা হচ্ছে, ওই বিরোধের জেরে তাকে কেউ হত্যা করেছে। ঘটনা পুরোপুরি জেনে বিস্তারিত জানানো হবে।’