গোপালগঞ্জে মোটরসাইকেলে-নসিমনের সংঘর্ষে কলেজছাত্র নিহত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিয়াজ শেখ (২০) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

আজ রোববার দুপুরে কোটালীপাড়ার নাগরা-বান্ধাবাড়ী সড়কের কেরাণীর পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কলেজছাত্র বরিশাল জেলার অগৈলঝরা উপজেলার পয়সারহাট এলাকার মাহাবুব শেখের ছেলে ও আগৈলঝরা উপজেলার বাগধা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, কোটালীপাড়ার নাগরা থেকে মোটরসাইকেলে করে বাড়ি যাওয়ার সময় কেরাণীর পোল নামক স্থানে বিপরীত দিকে থেকে আসা একটি নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলের রিয়াজ শেখ নিহত হন এবং অপর দুইজন আহত হন। আহতদের কোটালীপাড়া হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।