ঈদের কেনাকাটা নিয়ে ঝগড়া, স্ত্রীর ওপর অভিমান করে স্বামীর আত্মহত্যা

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঈদের কেনাকাটা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার জেরে স্বপন তালুকদার (৩৭) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি উপজেলার আলগী ইউনিয়নের মুন্সিকান্দা গ্রামের মৃত লোকমান তালুকদারের ছেলে। মঙ্গলবার (১৭ মার্চ) রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে স্বপন তালুকদারের সঙ্গে তার স্ত্রী হেপি আক্তারের ঈদের কেনাকাটা নিয়ে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে অভিমান করে স্বপন নিজ বসতঘরের একটি কক্ষে গিয়ে দরজা বন্ধ করে গলায় ফাঁস দেন।

কিছুক্ষণ পর ঘরের দরজা বন্ধ দেখে সন্দেহ হলে তার স্ত্রী ডাকাডাকি শুরু করেন। কোনো সাড়া না পেয়ে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে স্বপনকে সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পরে তাকে দ্রুত উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল করা হয়েছে। এ ঘটনায় তদন্তসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।