ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মধ্যরাতে টর্চ লাইট জ্বালিয়ে দুপক্ষের গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ইটের আঘাতে উভয় পক্ষের ১০ জন আহত হয়।
বৃহস্পতিবার দিনগত রাত ১২টার দিকে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এ সংঘর্ষ হয়।
গ্রামবাসী সুত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোপীনাথপুর গ্রামে দীর্ঘদিন ধরে ইসমাইল মুন্সির সঙ্গে চুন্নুমিয়া বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার রাত ৯টার দিকে চুন্নু মিয়ার ছেলে ইব্রাহিমের সঙ্গে ও ইসমাইল মুন্সির ছেলে ফুহাদের চা খাওয়া নিয়ে ঝগড়া হয়।
এ ঘটনার সুত্র ধরে দুই দল গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী মুখোমুখি সংঘর্ষে ২ পক্ষের ১০ জন লোক আহত হয়। সংঘর্ষ চলাকালে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে ছোট হামেরদী ও গোপনাথপুর গ্রামের মাতুব্বরদের সহায়তায় সংঘর্ষ বন্ধ হয়। তবে গ্রামবাসী পুলিশকে ফোন দিলেও পুলিশ ঘটনাস্থলে যায়নি।
এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘সংঘর্ষের খবর আমার জানা নেই বা কেউ আমাদেরকে জানাই নাই। ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না।’