রাজধানীতে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর বংশালের বড় মসজিদ এলাকার একটি বাসা থেকে মোঃ ফয়সাল (১৯) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে তার স্বজনরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ফয়সালকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ফয়সালের বাড়ি বংশালের আলু বাজারের বড় মসজিদ এলাকায়। তার বাবার নাম মোঃ ফেরদৌস আলম।

নিহতের বাবা ফেরদৌস আলম জানান, আমার ছেলে কোন কাজকর্ম করতো না। আজ বিকেলের দিকে সে তার ঘরে গিয়ে দরজা বন্ধ করে রাখে। বেশ কিছু সময় পেরিয়ে গেলেও তার কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে দেখি, গলায় গামছা পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলে আছে ফয়সাল। পরে অচেতন অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার ছেলে আর বেঁচে নেই। 

তিনি আরও জানান, আমার ছেলে কেন এ কাজটি করল, তা আমরা কিছুই জানিনা।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ফয়সালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি বংশাল থানা পুলিশকে জানানো হয়েছে।