ফরিদপুরে ৪ গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ আহত শতাধিক

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় চার গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। চার ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। পূর্বের ঘটনার জেরে আজ শনিবার সকাল থেকে চার ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ হয়। পরে দুপুরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তুচ্ছ ঘটনা নিয়ে গতকাল শুক্রবার বিকেল থেকে শুরু হয় মনসুরাবাদ গ্রামের সঙ্গে পার্শ্ববর্তী তিন গ্রামের আধিপত্য বিস্তারের লড়াই। গতকাল সন্ধ্যায় পুলিশকে আশ্বস্ত করলেও আজ সকাল থেকে তারা আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে। দেশীয় অস্ত্রশস্ত্র এবং ইট পাটকেল নিয়ে মুনসুরাবাদ বাজারে সংঘর্ষে জড়ায় ওই এলাকার চার গ্রামের মানুষ।

সকাল ১১টার দিকে ফরিদপুর থেকে অতিরিক্ত পুলিশ র‍্যাব ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। পরে সাড়ে ১২টার কি দুপক্ষ পিছু হটে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষে ইট পাটকেলের আঘাতে প্রায় শতাধিক লোক আহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তাদের মধ্যে দুজন পুলিশ সদস্য একজন সাংবাদিক রয়েছেন।

এ ঘটনায় ভাঙ্গা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে গুরুতর তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। এখন সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।