যশেরের স্থলবন্দর বেনাপোলে আমদানিকৃত পণ্য লোডের সময় ক্রেনের সিলিং ছিড়ে সাহেব আলী নামের এক বন্দর হ্যান্ডলিং শ্রমিকের মৃত্য হয়েছে। এ সময় সোহেল হোসেন নামের আরও এক শ্রমিক আহত হয়েছেন।
নিহত সাহেব আলী বেনাপোলের শাহজালাল আলীর ছেলে। আর সোহেল বেনাপোল সাদিপুর গ্রামের মোস্তবার আলীর ছেলে।
পুলিশ ও বন্দর সংশ্লিষ্টরা জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বেনাপোল বন্দর গোডাউনে আমদানিকৃত লোহার খাচা ক্রেন দিয়ে আনলোডের সময় আকস্মিকভাবে ক্রেনের সিলিং (তার) ছিড়ে বন্দর শ্রমিক সাহেব আলী ও সোহেলের শরীরের ওপর পড়ে। এ সময় দ্রুত ফায়ার কর্মীরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে নাভারন হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসক সাহেব আলীকে মৃত্যু ঘোষণা করেন। আহত সোহেলের অবস্থাও গুরুতর। নাভারন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে তাকে।
বিষয়টি নিশ্চিত করে বেনাপোল স্থল বন্দর পরিচালক শামিম হোসেন জানান, বন্দরে পণ্য লোডের সময় এভাবে এক শ্রমিক নিহত ও আহতের ঘটনাটি দুঃকজনক। বিষয়টি খতিয়ে দেখা হবে।
বেনাপোল বন্দর ৮৯১ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সহিদ আলী বলেন, বেনাপোলে নেই কোনো হাসপাতাল। ফলে পোর্ট প্রতিষ্ঠার পর থেকে এভাবে নিভে যাচ্ছে অনেক শ্রমিকের প্রাণ। এ ঘটনায় অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি জানাই।