রাজধানীর সায়েদাবাদে সড়কের পাশের অবৈধ বাস কাউন্টার উচ্ছেদে অভিযান

রাজধানীর সায়েদাবাদে সড়কের পাশে অবৈধ কাউন্টার উচ্ছেদে অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। বুধবার সকাল ৯টায় শুরু হওয়ার কথা থাকলেও বেলা সাড়ে ১২টায় একে একে ভাঙা শুরু হয় কাউন্টারগুলো। করে দেওয়া হয় সিলগালা।

এর আগে, বেলা ১২টায় সিটি কর্পোরেশন থেকে মাইকিং করা হয় অবৈধ কাউন্টার বন্ধের।

অবৈধ বাস কাউন্টারে অভিযান হবে শুনে নিজ থেকেই কাউন্টার বন্ধ করে দেন কর্মচারীরা। তারা বলছেন, টার্মিনালের ভেতরে পর্যাপ্ত জায়গা নেই। টার্মিনালের ভেতরের এলাকা যাত্রীদের জন্য নিরাপদও নয়।

সায়েদাবাদের সড়কের পাশে প্রায় আড়াইশো অবৈধ কাউন্টার আছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বলেন, ‘কোনোভাবেই অবৈধ এসব কাউন্টার থাকতে দেওয়া হবে না। অবৈধ কাউন্টারগুলোকে ২৯ মার্চ চিঠি দেওয়া হয়েছিল।’

এদিকে, সায়দাবাদ টার্মিনালের মধ্যে টোকেন দিয়ে অবৈধভাবে দোকান বসিয়েছে সিটি করপোরেশন। তা উচ্ছেদ করার দাবি জানিয়েছে পরিবহন মালিক সমিতি।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম বলেন, জানান, ‘বাস টার্মিনালগুলোতে শৃঙ্খলা ফেরাতে রুটের বাস ছাড়া অন্য কোনো যানবাহন থাকতে দেওয়া হবে না। রুটের বাইরের গাড়ি রাখতে হবে নিজস্ব পার্কিং ব্যবস্থায়। সড়কে কোনো গাড়ি রাখা যাবে না।’