ঢামেকে চিকিৎসকের সঙ্গে ‘হাতাহাতি’, পুলিশে দেওয়া হলো রোগীর স্বজনকে

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের সঙ্গে হাতাহাতি ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ফাহিয়া আক্তার নামের এক নারীকে পুলিশে সোপর্দ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শনিবার রাত ১০টার দিকে ঢামেক হাসপাতালের গাইনি বিভাগের ২১২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ফাহিয়া সাভারের কাউনিয়া এলাকার জাহিদুল ইসলামের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক । তিনি বলেন, রাতে মনি আক্তার নামের সাভার থেকে এক রোগী গাইনি বিভাগের ২১২ নম্বর ওয়ার্ডে ভর্তি হন। তার সঙ্গে ওই ওয়ার্ডে ছিলেন স্বজন ফাহিয়া আক্তার। পরে চিকিৎসক ফাহিয়াকে বাইরে যেতে বলেন। তবে তিনি বাইরে যেতে অস্বীকৃতি জানান। তখন সহকারী রেজিস্ট্রার ডা. ফারজানা আক্তার মীম ও মেডিকেল অফিসার ডা. সাবিনা সুলতানা তাকে হাত ধরে বাইরে যেতে বলেন।

মো. ফারুক আরও বলেন, একপর্যায়ে ওয়ার্ডের অপারেশন থিয়েটারের সামনে ফাহিয়া আক্তার চিকিৎসকের সঙ্গে হাতাহাতি, গালাগালিসহ অসৌজন্যমূলক আচরণ করেন। এসময় হাসপাতালের আনসার সদস্যরা তাকে আটক করে পুলিশ ক্যাম্পে নিয়ে আসেন। পরে ওই নারীকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।