আজও মিলছে না পর্যাপ্ত জ্বালানি, পাম্পের সামনে দীর্ঘ সারি

রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে আজ বুধবারও মিলছে না পর্যাপ্ত জ্বালানি তেল। সকাল থেকে তেজগাঁও, বিজয় সরণি, পরীবাগসহ বেশ কয়েকটি পাম্পের সামনে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে।

খোঁজ নিয়ে দেখা গেছে, কিছু পাম্পে জ্বালানি সরবরাহ বহাল থাকলেও, দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে গ্রাহকদের। মিলছে সামান্য তেল। বেশি বিপাকে বাইক রাইডার ও অফিসগামী মানুষ।

ভুক্তভোগীরা বলছেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সাথে বিভিন্ন পাম্পে আসে ডিপো থেকে তেলের ট্রাক। তবে গাড়ির লাইনের অবস্থা চিরচেনা।

রাজধানীর বেশ কিছু স্থানে পাম্পে অপেক্ষমাণ যানবাহনের কারণে সৃষ্টি হয়েছে যানজট। এতেও ভোগান্তি বেড়েছে নগরবাসীর।

এদিকে জ্বালানির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে পরীক্ষামূলকভাবে চালু করা কিউআর কোড সংবলিত ডিজিটাল ফুয়েল কার্ডের কার্যক্রম নিয়েও উঠেছে নানা অভিযোগ। বাইকারেরা বলছেন, ফুয়েল পাস অ্যাপ এখন সংকটের আরেক নাম। দ্রুত সংকট নিরসনে কার্যকরী পদক্ষেপ প্রয়োজন।

গত ১২ এপ্রি থেকে মোটরসাইকেল চালকদের জন্য ফুয়েল পাস অ্যাপ ব্যবস্থা চালু করে রাজধানীর সাতটি ফিলিং স্টেশন। ওই পাম্পগুলোতে তেল পেতে ‘ফুয়েল পাস’ ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।