রাজধানীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারীর 

রাজধানীর যাত্রাবাড়ীর মাছের আড়তের সামনের রাস্তায় ট্রাকের ধাক্কায় আমেনা বেগম (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আমেনা বেগমের বাড়ি চাঁদপুর সদরের দেওয়ার বাড়ী এলাকায়। তার বাবার নাম মৃত এবাদুল্লাহ। যাত্রাবাড়ী এলাকায় বসবাস করতেন তিনি। 

নিহতের নাতি জাবেদ জানান, গতকাল রাতে তাঁর নানি হেঁটে যাত্রাবাড়ীর মাছের আড়তের সামনের সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মালবাহী ট্রাক তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে খবর পেয়ে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।