অফিস শেষে বাসায় ফেরার পথে ছুরিকাঘাতের শিকার হয়েছেন জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপপরিচালক ডা. আহমদ হোসেন। রাজধানীর মহাখালীতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পুরোনো ক্যাম্পাসের পেছনের একটি গলিতে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুজন অজ্ঞাতনামা হামলাকারী পেছন থেকে এসে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা তাঁর ডান হাত ও পিঠে ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। হামলাকারীদের বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছর।
গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত জাতীয় ক্যানসার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।
ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। বনানী থানার পুলিশ জানিয়েছে, হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আহমদ হোসেনের খোঁজ নিতে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। টেন্ডার বা যেকোনো বিষয় থাক না কেন, তা খুঁজে বের করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।’
এ সময় চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী।