রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়ার ফুডপ্লেক্সের গলিতে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে আবুল কালাম (৫০) নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। এ সময় ছিনতাইকারীরা তার কাছে থাকা দুই লাখ টাকা নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা হয়। পরে গুরুতর আহত অবস্থায় রাত পৌনে ২টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
আহত আবুল কালামের বাড়ি যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকায়। তার বাবার নাম তোফাজ্জল প্রধান। তিনি ফ্লেক্সিলোডের ব্যবসায়ী বলে জানিয়েছে স্বজনরা।
আহত আবুল কালামের ছেলে আব্রান বলেন, ‘আমার বাবা ফ্লেক্সিলোডের ব্যবসা করেন। গতরাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় রাস্তায় ওৎপেতে থাকা ৩ থেকে ৪ জন ছিনতাইকারী ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে এবং বাবার কাছে থেকে দুই লাখ টাকাসহ একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। আমরা খবর পেয়ে প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসি। বর্তমানে জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে তার চিকিৎসা চলছে।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘গতরাতে যাত্রাবাড়ী এলাকা থেকে মাথায় গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আমরা আহত ব্যক্তির স্বজনদের কাছ থেকে জানতে পেরেছি ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে এ ঘটনাটি ঘটেছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।’