ডেমরায় আগুনে কারখানা পুড়ে ছাই, আহত দুই 

রাজধানীর ডেমরায় ‘ইমো রোটো ফ্লাক্সি ব্যাগ’ নামের একটি কারখানা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে কারখানার শ্রমিকসহ দুজন আহত হয়েছেন।

আহতরা হলেন কারখানার শ্রমিক মো. সুজন (২২) ও বঙ্গবাজার ইউনিটের ফায়ার সার্ভিস সদস্য নাঈম হোসাইন (২৮)। আজ বৃহস্পতিবার বিকেল পৌনে চারটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আহতদের নিয়ে আসা হয়।

দগ্ধ শ্রমিক সুজন ওই কারখানার সহকারী অপারেটর হিসেবে কর্মরত। আর ফায়ারম্যান নাঈম হোসাইন বঙ্গবাজার ফায়ার স্টেশনে কর্মরত আছেন।

আহতদের হাসপাতালে নিয়ে আসা সুমন বলেন, ‘আজ দুপুরের দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগে। শ্রমিক সুজন ও একজন ফায়ারম্যান আহত হয়। আমরা তাদেরকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসি।’

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি জানান, বিকেলের দিকে সুজনের শরীরে ৬০ শতাংশ দগ্ধ এবং ফায়ারম্যান নাঈমকে সামান্য দগ্ধ অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। শ্রমিক সুজনের শরীরে দগ্ধের পরিমাণ বেশি থাকায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে।