ডিজিটাল নম্বরপ্লেট ছাড়া চললে ব্যবস্থা, অভিযান শুরু আগামী সপ্তাহে

রাজধানীতে যানবাহনে বিআরটিএ নির্ধারিত ডিজিটাল নম্বরপ্লেট ও আরএফআইডি ট্যাগ ব্যবহার নিশ্চিত করতে কঠোর অবস্থানে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আগামী সপ্তাহ থেকে নির্ধারিত নম্বরপ্লেট ও সচল আরএফআইডি ট্যাগ ছাড়া চলাচলকারী যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

গতকাল সোমবার ডিএমপির কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়কে চলাচলকারী সব নিবন্ধিত যানবাহনে সরকার নির্ধারিত রং, ডিজাইন ও সাইজের নম্বরপ্লেট ব্যবহার বাধ্যতামূলক। তবে অনেক যানবাহনে এখনো বিআরটিএর ডিজিটাল নম্বরপ্লেট ও আরএফআইডি ট্যাগ ব্যবহার করা হচ্ছে না। কেউ কেউ আবার নির্ধারিত প্লেটের পরিবর্তে পেইন্ট দিয়ে নম্বর লিখে গাড়ি চালাচ্ছেন।

এতে ট্রাফিক ব্যবস্থাপনা ও যানবাহন শনাক্তকরণে জটিলতা তৈরি হচ্ছে বলে জানিয়েছে ডিএমপি। পাশাপাশি যেসব গাড়ির মালিক ফি পরিশোধ করেও ডিজিটাল নম্বরপ্লেট সংগ্রহ করেননি কিংবা আরএফআইডি ট্যাগ অকার্যকর অবস্থায় রেখেছেন, তাদের দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।