নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ, দগ্ধ ১২

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনাঘাট এলাকায় বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে অন্তত ১২ জন দগ্ধ হয়েছেন। আজ বুধবার দুপুর পৌনে দুইটার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

দগ্ধরা হলেন- রামিজুল (১৫), মনির হোসেন (৪৫), বদরুল হুদা (৯), তুহিন শেখ (৩০), সুপ্রভাত ঘোষ (৪২), ওসমান গনি (৩০),আল আমিন (৩০), নাজমুল শেখ (৪০), সাইফুল ইসলাম (৩০), শংকর (২৫), কাওসার (৩০) ও আমির(২৫)।

সংশ্লিষ্টরা জানায়, দুপুর ১টার পর বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব ক্যান্টিনে দুপুরের খাবার খাচ্ছিলেন কর্মকর্তা-কর্মচারীরা। খাবারের সময় হঠাৎ ক্যান্টিনের ভেতরে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ক্যান্টিনে অবস্থানরতরা দগ্ধ হন। সহকর্মীরা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে ঢাকার বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণ।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, নারায়ণগঞ্জের মেঘনাঘাট এলাকা থেকে দগ্ধ অবস্থায় ১২ জনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। জরুরি বিভাগে তাদের ড্রেসিং চলছে। এখন পর্যন্ত দগ্ধের পরিমাণ জানা যায়নি।