জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় শিক্ষার্থীদের বেধে দেওয়া সময়েও অভিযুক্ত গ্রেপ্তার না হওয়া বিক্ষোভ করেছেন তারা।
অভিযুক্তকে গ্রেপ্তারে শিক্ষার্থীদের বেঁধে দেওয়া ৪৮ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর আজ শনিবার সকাল থেকে প্রক্টরিয়াল বডিকে অবাঞ্ছিত ঘোষণা করে এবং প্রক্টর অধ্যাপক রাশিদুল আলমের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন তারা। এ সময় প্রক্টর অফিসের তালা ভেঙে নতুন তালা ঝুলিয়ে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এর আগে শুক্রবার রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের টারজান চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি ছাত্রীদের আবাসিক হল হয়ে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হওয়ায় প্রক্টর অধ্যাপক রাশিদুল আলমসহ পুরো প্রক্টরিয়াল বডির পদত্যাগের জোর দাবি জানান।
এরপর উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বের হয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলে তাদের হলে ফিরে যাওয়ার আহ্বান জানান। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের উত্তপ্ত বাক্য বিনিময় হয়।
বাসভবনের সামনে প্রক্টরের পদত্যাগ হয় না জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, সবকিছুর নির্দিষ্ট নিয়ম রয়েছে। ঘটনায় দায়িত্ব পালনকালে প্রক্টরিয়াল বডির কোনো গাফিলতি আছে কিনা তা তদন্ত কমিটি করে খতিয়ে দেখা হবে।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, ৪৮ ঘণ্টা পরেও অভিযুক্তকে গ্রেপ্তার করতে না পারায় প্রক্টরিয়াল বডি পদত্যাগ না করে আন্দোলনকারীদের পাল্টা ষড়যন্ত্রকারী আখ্যা দেওয়া হয়েছে। প্রক্টর পদত্যাগ না করলে আগামীকাল থেকে প্রশাসনিক ভবন অবরোধ করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।