ট্রেনে শিডিউল বিপর্যয় না থাকলেও ছেড়ে যাচ্ছে দেরিতে

ঈদুল আজহা উপলক্ষে বাড়ি ফিরছেন রাজধানীবাসী। এবার ট্রেনের শিডিউল বিপর্যয়ের তেমন কোনো তথ্য না থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে সোমবার রংপুর এক্সপ্রেস প্রায় ১ ঘণ্টা ৪০ মিনিট ও নীলসাগর এক্সপেস ৪০ মিনিট দেরিতে ছেড়েছে বলে জানান কমলাপুর স্টেশন ম্যানেজার। এছাড়া সোনার বাংলা ও জয়ন্তিকা এক্সপ্রেসে নারীদের জন্য সংযোজন হয়েছে বিশেষ বগি। 

শুরু হয়েছে ঈদের ছুটি, তাই রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখী মানুষের ভিড়। প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন করতে ভোর থেকেই পরিবার-পরিজন নিয়ে স্টেশনে জড়ো হন হাজারো যাত্রী। 

সকাল থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলোর মধ্যে রংপুর এক্সপ্রেস দেড় ঘণ্টা ও নীলসাগর এক্সপ্রেস প্রায় আধা ঘণ্টা দেরি করে ছাড়ে। যাত্রীদের অনেকের অভিযোগ, ট্রেন দেরিতে ছাড়ায় গরমে পোহাতে হয়েছে ভোগান্তি। তবে অনেকে আবার স্বস্তিতে যাত্রার বিষয়টিও উল্লেখ করেন।  

এদিকে, দুটি আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য বিশেষ বগি যুক্ত হয়েছে বলে জানান রেলমন্ত্রী। 

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ‘নারীদের জন্য বিশেষ বগি যুক্ত হয়েছে দুটি আন্তঃনগর ট্রেনে।’

সব ক্লান্তি ছাপিয়ে প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঘরে ফেরার উচ্ছ্বাসই দেখা গেছে যাত্রীদের চোখে-মুখে।