দুই হাজার ঈদ জামাতের জন্য প্রস্তুত রাজধানী

ঈদ জামাতের জন্য প্রস্তুত রাজধানীর সকল ঈদগাহ ও মসজিদ। বৃহস্পতিবার ঈদের প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৭টায়। তবে বৈরি আবহাওয়া থাকলে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। এবার ঢাকায় প্রায় দুই হাজার ঈদ জামাত অনুষ্ঠিত হবে।  

প্রতিবারের মতো এবারও জাতীয় ঈদগাহে হচ্ছে প্রধান জামাত। এখানে ঈদুল আজহার নামাজ আদায় হবে সকাল সাড়ে ৭টায়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সামিল হবেন মন্ত্রী, এমপি, রাজনীতিবিদ ও কূটনীতিবিদসহ নানা শ্রেণি-পেশার মানুষ। ৩৫ হাজার মুসল্লি এক সঙ্গে জামাতে অংশ নিতে পারবেন। 

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের জামাত হবে ৫টি। সকাল ৭টায় প্রথম জামাতের পর ৮টা, ৯টা, ১০টা এবং সবশেষ জামাতটি হবে বেলা পৌনে ১১টায়। 

গুলশান সেন্ট্রাল মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে ৩টি। প্রথম জামাত পৌনে ৭টায়। এরপর সাড়ে ৭টা ও সাড়ে ৯টায়।  

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত হবে সকাল সাড়ে ৭টায়। এছাড়া, ঢাকা মহানগরীর শতাধিক ঈদগাহ এবং দেড় হাজারের বেশি মসজিদে জামাতের আয়োজন থাকবে।  

ঢাকা উত্তর সিটির আয়োজনে রাজধানীর শেরে বাংলা নগরে ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। সকাল ৮টায় হবে ঈদ জামাত।  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল মসজিদে সকাল ৭টায়, ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে সকাল ৮টায় এবং ফজলুল হক মুসলিম হলের পূর্ব পাশের খেলার মাঠে সকাল ৮টায় ঈদের জামাত হবে।