রামপুরায় বাসা থেকে কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর রামপুরার বনশ্রী এলাকার একটি বাসা থেকে তৌশিফ শাহরিয়ার (১৮) নামের এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ঢাকা কলেজের বিজ্ঞান বিভাগের ইন্টার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন বলে জানিয়েছেন স্বজনেরা। 

আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে তাঁকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তৌসিফের বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলার কুনতাই গ্রামে আব্দুল জলিলের ছেলে। বর্তমানে রামপুরার বনশ্রী এলাকায় পরিবারের সাথে বসবাস করতেন।

শিক্ষার্থীর মা শামীমা আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘তৌশিফ আমার একমাত্র ছেলে। সকালে আমরা সবাই ঘুমিয়ে ছিলাম। কিন্তু তৌশিফের কোনো সারা শব্দ না পেয়ে তার রুমে গিয়ে দেখি গলায় ওড়না পেচিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে আছে। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলেও আর বাঁচানো সম্ভব হয়নি।’ 

তিনি আরও বলেন, ‘কেন বা কি কারণে আমার ছেলে এ ঘটনাটি ঘটিয়েছে তা আমরা কিছুই জানি না।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।