রাজধানীর উত্তরার উত্তরখান এলাকায় একটি বাসার রান্নাঘরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ গৃহকর্তা আলী হোসেন মারা গেছেন। তিনি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
আজ রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি জানান, আলী হোসেনের শরীরের ১০০ শতাংশ দগ্ধ ছিল। চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৬টার দিকে তিনি মারা যান।
ডা. শাওন আরও জানান, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে একই পরিবারের তিনজন দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে আলী হোসেন ছাড়াও তার স্ত্রী হোসনেয়ারা প্রায় ৬০ শতাংশ এবং মেয়ে আখি প্রায় ১৫ শতাংশ দগ্ধ হন। বর্তমানে মা ও মেয়ে দুজনই আইসিইউতে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থাও আশঙ্কাজনক।
আহতদের স্বজন রাতুল হাসান তুষার জানান, শনিবার সকালে রান্নাঘরে কাজ করার সময় সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়। একপর্যায়ে বিস্ফোরণ ঘটলে আলী হোসেন, তার স্ত্রী ও মেয়ে দগ্ধ হন। পরে তাদের দ্রুত জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়।