রাজধানীতে দুই পুলিশ সদস্যকে ছুরিকাঘাত, ছিনতাইকারী গ্রেপ্তার 

রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যান গ্লাস ব্রিজ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন শেরে বাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) সামসুজ্জোহা (৩৪) এবং কনস্টেবল হৃদয় হোসেন (২০)। দুজনকেই বাম কাঁধের ওপরে ছুরিকাঘাত করা হয়। পরে আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে রাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নেওয়া হয়।

তাদেরকে হাসপাতলে নিয়ে আসা শেরে বাংলা নগর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মোমিন জানান, ছিনতাইকারীরা গত রাতে একটি অটোরিকশা ছিনতাই করে পালিয়ে যাচ্ছিল। এ সময় টহলরত ওই দুই পুলিশ সদস্য মোটরসাইকেল নিয়ে তাদের পিছু ধাওয়া দেয়। তখন ছিনতাইকারীরা দুই পুলিশ সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসে। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, শেরে বাংলা নগর এলাকা থেকে ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে এসেছে। জরুরী বিভাগে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

এদিকে হামলায় জড়িত এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার তাকে গ্রেপ্তার করে পুলিশ।