রাজধানীতে এক মোটরসাইকেল চালকের মাথায় ইট নিক্ষেপ করে গুরুতর আহত করার পর তার মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারী মো. ফয়সাল ওরফে কালুকে গ্রেপ্তার করেছে র্যাব-৪।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৪-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) নুরাঙ্গীর নাহিদ। তিনি জানান, সন্ধ্যায় কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল ওরফে কালুকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ব্যবসায়িক বিষয় নিয়ে ভুক্তভোগী রাফির সঙ্গে অভিযুক্তদের আগে থেকেই বিরোধ চলছিল। কয়েক দিন আগে এ বিষয়কে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটিও হয়েছিল।
ঘটনার দিন রাফি একা মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় কালু, পারভেজ ও তাদের সহযোগীরা তাকে থামানোর চেষ্টা করে। কালু এতে ব্যর্থ হলে কিছু দূরে অবস্থান নেওয়া পারভেজ একটি বড় ইটের টুকরা ছুড়ে রাফির মাথায় আঘাত করে। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে আহত রাফিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অস্ত্রোপচার করা হয়েছে বলে জানা গেছে। বর্তমানে তাকে হাসপাতালের পুরোনো ভবনের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ২৩ নম্বর শয্যায় পর্যবেক্ষণে রাখা হয়েছে। দায়িত্বরত চিকিৎসকদের ভাষ্য, তার অবস্থা আশঙ্কাজনক।
এ বিষয়ে ভুক্তভোগীর স্বজনদের সঙ্গে কথা বলতে চাইলে তারা বলেন, ‘আমরা এখন রোগীকে নিয়ে খুবই উদ্বিগ্ন। এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। সবাই আমাদের রোগীর জন্য দোয়া করবেন।’