মাদারীপুরে দু’পক্ষের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ, আহত ১০

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন ১০ জন। এ সময় শতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটে। ভাঙচুর ও লুটপাট করা হয় অন্তত ১২টি বসতঘর। 

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় সদর উপজেলার ঝিকরহাটি গ্রামে এ ঘটনা ঘটে। 

সংঘর্ষ নিয়ন্ত্রণের সময় পুলিশের দুটি গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ ঘটনায় এখনো কাউকেই বিকেল ৬টা পর্যন্ত আটক করতে পারেনি পুলিশ।

আহতদের মধ্যে ঝিকরহাটি গ্রামের বন্দে আলী মোল্লার ছেলে নুরুজ্জামান মোল্লা, একই গ্রামের মোতালেব ফকিরের ছেলে মাসুদ ফকির, আব্দুল মজিদ খানের ছেলে হানিফ খান ও সিদ্দিক হাওলাদারের ছেলে কামরুল হাওলাদারের নাম পাওয়া গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে সদর উপজেলার ঝিকরহাট গ্রামের পলাশ খানের সাথে একই এলাকার কবির মোল্লা ও রিপন খানের বিরোধ চলছিল। এরই জের ধরে সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে চারদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক। আহত হয় অন্তত ১০ জন। ভাঙচুর ও লুটপাট করা হয় ১২টি বসতঘর। 

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ। একই সময় পুলিশের দুটি গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ ঘটনায় এখনো কাউকেই আটক করতে পারেনি পুলিশ।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ব্যাপারে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। এছাড়া অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় মোতায়েন করা হয়েছে।’