চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বৃষ্টির মধ্যে ফুটবল খেলার সময় বজ্রপাতে অন্তর আলী নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার বিকালে উপজেলার শিবগঞ্জ পৌর এলাকার ভাঙা ব্রিজসংলগ্ন আমবাগানে এ ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত অন্তর আলী চকদৌলতপুর-মন্ডলতলার মো. আব্দুল মান্নানের ছেলে।
মতিউর রহমান বলেন, ‘বেলা সাড়ে ৩ টার দিকে বৃষ্টির সময় ভাঙা ব্রিজসংলগ্ন আমবাগানে ফুটবল খেলছিল অন্তর আলী। এ সময় বজ্রপাত হলে গুরুতর অসুস্থ হয় সে। স্থানীয়রা তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
নিহতের পরিবারকে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে নগদ ২৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে।



