আম পারতে গিয়ে বিদ্যুতায়িত, প্রাণ গেল নিরাপত্তাকর্মীর 

রাজধানীর কলাবাগানের পান্থপথে গাছ থেকে আম পাড়ার সময় বিদ্যুতায়িত হয়ে আবু রায়হান (২৮) নামে এক নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলের দিকে এ ঘটনা হয়। 

আবু রায়হান বিদ্যুতায়িত হওয়ার পর অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহত আবু রায়হানের বাড়ি ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ উপজেলার বাউলের চর এলাকায়। তার বাবার নাম মো. জামাল উদ্দিন। বর্তমানে পরিবারের সঙ্গে পান্থপথ এলাকায় বসবাস করতেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা মো. মমতাজুর বলেন, 'নিহত আবু রায়হান এভিপি কোম্পানির সিকিউরিটি গার্ড। আজ বিকেলে পান্থপথে অফিসে গাছ থেকে আম পারতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পর্শে অচেতন হয়ে পড়েন। পরে বিষয়টি আমরা জানতে পেরে দ্রুততাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে ও আর বাঁচানো সম্ভব হয়নি।'

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।