মুন্সিগঞ্জের লৌহজংয়ে সোহেল মুন্সী (৩৯) নামের এক ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার গভীর রাতে উপজেলার গাওদিয়া ইউনিয়নের কালুরগাঁও গ্রামে নিজ বাড়ির উঠানে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলেও আগুন দেওয়া হয়।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, নিহত সোহেল বুধবার রাতে রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। সন্তান নিয়ে পাশের ঘরে শাশুড়ির সঙ্গে ঘুমিয়ে ছিলেন তাঁর স্ত্রী নুপুর। গভীর রাতে বাড়ির উঠানে আগুন দেখতে পেয়ে সোহেলের স্ত্রী ও মা ঘর থেকে বেরিয়ে এসে দেখেন, উঠানে সোহেলের রক্তাক্ত নিথর দেহ পড়ে আছে এবং তার ব্যবহৃত মোটরসাইকেলে আগুন জ্বলছে।
খবর পেয়ে ভোরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সোহেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে মুন্সিগঞ্জ শ্রীনগর-সিরাজদিখান সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিছুর রহমান জানান, গভীর রাতে ঘর থেকে বের করে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।