মোহাম্মদপুরে বিএনপি নেতাকে ছুরিকাঘাত  

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় দূর্বৃত্তদের ছুরিকাঘাতে মোহাম্মদ নূর ইসলাম (৫৫)নামে এক বিএনপি নেতা গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা হয়। 

ভুক্তভোগী নূর ইসলাম ৩৩ নম্বর ওযার্ড বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক বলে জানিয়েছে স্বজনরা। প্রথমে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বিকেলের দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

নূর ইসলামকে হাসপাতালে নিয়ে আসা ভাতিজা ইয়াসিন বলেন, ‘আমার চাচা মোহাম্মদপুর ৩৩ নম্বর ওয়ার্ডের বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক। দুপুর আড়াইটার দিকে অজ্ঞাতপরিচয় পাঁচ–ছয়জন মোটরসাইকেলে এসে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। চাচার মুখের বাম পাশে, কাঁধে ও বাম হাতে গুরুতর আঘাত করেছে তারা। পরে আমরা দেখতে পেয়ে  চাচাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। ওখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসি। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।’

ইয়াসিন আরও বলেন, ‘চাচার গ্রামের বাড়ি ভোলার লালমোহন থানার মহেশখালী এলাকায়। বর্তমানে মোহাম্মদপুর ৭ মসজিদ হাউজিং ৪ নম্বর রোডের ৩১ নম্বর বাসায় থাকেন। তার বাবার নাম ওয়াজেদ আলী।’ 

ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মোহাম্মদপুর এলাকা থেকে এক বিএনপি নেতাকে মুখের বাম পাশে, কাঁধে ও বাম হাতে গুরুতর জখম অবস্থায় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। জরুরি বিভাগের চিকিৎসক জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।’