বাসা-বাড়ির ময়লা খালে ফেললে তাদের শাস্তির আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক। এদিকে দ্রুত সময়ের মধ্যে হাতিরঝিলকে আগের অবস্থায় ফিরিয়ে আনার আশাবাদ জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
আজ শনিবার সকালে রাজধানীর হাতিরঝিলে ও মিরপুরে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন শেষে এসব বলেন তারা।
হাতিরঝিলে ছিনতাইয়ের অভিযোগ আমলে নিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, এখানে রাজউকের পক্ষ থেকে আনসার নিয়োগ করা হবে। হাতিরঝিলের আলোকসজ্জা এবং সৌন্দর্যবর্ধন নিয়েও কাজ করা হবে।
এ সময় রাজউক চেয়ারম্যান বলেন, হাতিরঝিলে সুয়ারেজ লাইন এবং ভাসমান ময়লা যাতে না থাকে এ নিয়ে কাজ চলছে।
এদিকে মিরপুরের মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে এসে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনের প্রতিশ্রুতি দেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি বলেন, ঢাকার খালগুলোর সীমানা নির্ধারণ করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। ডেঙ্গুর প্রকোপ থেকে নাগরিকদের রক্ষা করতে খালগুলো পরিষ্কার রাখার আহ্বান জানানো যাচ্ছে। একই সাথে নাগরিকদের সচেতন হওয়ার অনুরোধ করছি।