রাজধানী থেকে আটক নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য (এমপি) আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে মুচলেকা নিয়ে ৭ ঘণ্টা পর ছেড়ে দিয়েছে পুলিশ।
চাঁদাবাজিসহ নানা অভিযোগে এরইমধ্যে তাকে জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদ থেকেও বহিষ্কার করা হয়েছে। এর আগে খাইরুলকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল সন্ধ্যা পৌনে ৭টায় হেফাজতে নিয়েছিল গোয়েন্দা পুলিশ-ডিবি।
রোববার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহায়তায় সজীবকে হেফাজতে নেয় নারায়ণগঞ্জ জেলা ডিবি পুলিশ। প্রথমে তাকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে নেওয়া হয় ঢাকার মিন্টো রোডে ডিবি কার্যালয়ে।
পুলিশ জানিয়েছিল, সজীবের বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা অভিযোগ যাচাই-বাছাইয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে যুবদলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদাবাজি, দখল ও বিভিন্ন অনিয়মের অভিযোগে জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সেইসাথে তার সঙ্গে নেতা–কর্মীদের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।